কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুইটি কেন্দ্রের পুনঃনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেদী হাসান জয় লাভ করেছেন। সোমবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
জোয়াগ ইউনিয়নের নোয়াগাও দাখিল মাদ্রাসা কেন্দ্র এবং কৈলাইন (পূর্ব) সরকারি প্রাথমিক কেন্দ্রের ভোটে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেদী হাসান তালুকদার নৌকা প্রতীকে এক হাজার ৬৮৭ এবং বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাওলানা আবু তাহের ৯৩২ ভোট পান।
এর আগের ৭টি কেন্দ্রে বিএনপি মনোনীত প্রার্থী মাও. আবু তাহের ৫৬৬ ভোটে এগিয়ে থাকলেও সোমবার দুই কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহেদী হাসান ৭৬৬ ভোটে এগিয়ে যান। আর সর্বমোট ফলাফলের হিসাব-নিকাশে বিএনপি মনোনীত প্রার্থী মাওলানা আবু তাহের থেকে ১৮৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচত হন।
সোমবার রাতে চান্দিনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে রির্টানিং অফিসার ও চান্দিনা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জোবেদা আক্তার ফলাফল ঘোষণা করেন।
চতুর্থ তফসিলে অনুষ্ঠিত কুমিল্লার চান্দিনা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নানা অনিয়মে উপজেলার জোয়াগ ইউনিয়নের ঐ দুই কেন্দ্র ভোট গ্রহণ বন্ধ হয়ে যায়।
ইত্তেফাক/এএসএস