ইবিতে প্রতি আসনের বিপরীতে ৪৩ জন

ইসলামী  বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৩ জন শিক্ষার্থী। এ বছর ৫টি অনুষদভুক্ত ৮টি ইউনিটের অধীনে ১৬৯৫টি আসনের বিপরীতে ৭২ হাজার ৯১০টি আবেদন জমা পড়ে। মঙ্গলবার  বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের পরিচালক প্রফেসর ড. পরেশ চন্দ্র বম্মর্ণ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
কেন্দ্রীয় ভর্তি কমিটি সূত্রে জানা গেছে, এ বছর  ধর্মতত্ত্ব অনুষদের অধীনে ‘এ’ ইউনিট ২৪০টি আসনের বিপরীতে ১ হাজার ৯৬০ জন। কলা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ৪২০টি আসনের বিপরীতে ১৪ হাজার ৯৫৬ জন। সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ২২৫টি আসনের বিপরীতে ১৪ হাজার ৩৮২ জন। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীন ‘ডি’,‘ই’ ও ‘এফ’ ইউনিটের ৩৭০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৬২৪ জন। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘জি’ ইউনিটের ৩০০টি আসনের বিপরীতে ৮ হাজার ৩২৭ জন। আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘এইচ’ ইউনিট ১৪০টি আসনের বিপরীতে ৫ হাজার ৬৬১ জন আবেদন করেছে। 
 
সফল ভাবে আবেদনকারী শিক্ষার্থীরা ১০ নভেম্বর থেকে http://iu.teletalk.com.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। ভর্তি পরীক্ষা ৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে  ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে।
 
ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, ‘শতভাগ নকলমুক্ত পরিবেশের মধ্য দিয়ে শিক্ষার্থীর ভর্তির পথ সুগম করা হবে। ভর্তি পরীক্ষায় সকল ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ থাকবে। প্রতিটি পরীক্ষা সুষ্ঠভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত ও আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।
 
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট  www.iu.ac.bd  থেকে ভর্তি  বিষয়ক যাবতীয় তথ্য জানা যাবে।
 
 
ইত্তেফাক/এমআই