তাজউদ্দীন আহমদ অ্যাওয়ার্ড পেলেন ঢাবির ৭ শিক্ষার্থী

২০১৪ সালের বিএসএস সম্মান পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ১ জন মেধাবী ছাত্রী তাজউদ্দীন আহমদ শান্তি স্বর্ণপদক’লাভ করেছেন।
 
একই বিভাগের আরেকজন ছাত্রীকে তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি’প্রদান করা হয়েছে।
 
এছাড়া রচনা প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান লাভ করায় বিভিন্ন বিভাগের ৫জন শিক্ষার্থীকে তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড পুরস্কার’ প্রদান করা হয়েছে।
 
মঙ্গলবার বিকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে পদক, বৃত্তি ও পুরস্কার তুলে দেন।
 
পুরষ্কারপ্রাপ্তরা হলেন; ঢাবি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ছাত্রী কামরুন নাহার, একই বিভাগের ২য় বর্ষের ছাত্রী ত্রপা মজুমদার, আইন বিভাগের জহির উদ্দীন সোহাগ, ইংরেজি বিভাগের ইনজামামুল সারোয়ার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শওকত আলী ও মো. আবদুর রহমান এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আব্দুল বাছেত।
 
ঢাবি তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড’এই অনুষ্ঠানের আয়োজন করে।
 
আরেফিন সিদ্দিক বলেন, তাজউদ্দিন আহমদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় অস্থায়ী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত বিশ্বস্ত সহচর ছিলেন তিনি।
 
প্রয়াত তাজউদ্দীন আহমদের আদর্শ অনুসরণের মাধ্যমে নিজেদের সৎ ও দেশপ্রেমিকনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান তিনি।
 
এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান অনুকরণীয় সেই মানুষটির কথা’শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন। স্বাগত ভাষণ দেন তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ডের দাতা মিসেস শারমিন আহমদ।
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং ট্রাস্টি বোর্ডের সদস্য সিমিন হোসেন রিমি এমপি।
 
ইত্তেফাক/এমএইচ