রাজধানী থেকে গ্রেফতার হয়েছে এক ভারতীয় অস্ত্র ব্যবসায়ী। খায়রুল ইসলাম মন্ডল ওরফে শরিফুল ইসলাম নামে এ ব্যবসায়ীকে সোমবার রাতে গাবতলী বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬টি বিদেশি পিস্তল, ৪টি বিদেশি ওয়ান শ্যুটার, ১২টি ম্যাগাজিন ও ৩৫ রাউন্ড গুলি। গতকাল মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন। মহানগর গোয়েন্দা পুলিশ গতকাল খায়রুলকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে নিয়েছে।
তিনি বলেন, খায়রুল পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনা জেলার বাসিন্দা। ভারতের পশ্চিমবঙ্গের অস্ত্র ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্য ও পেশাদার অস্ত্র ব্যবসায়ী তিনি। খায়রুল অবৈধভাবে বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করেন। জিজ্ঞাসাবাদে খাইরুল জানিয়েছেন, তিনি বাংলাদেশ ও ভারতের একটি সন্ত্রাসী গ্রুপের যোগসাজশে ভারত হয়ে বাংলাদেশে অস্ত্র বিক্রি করেন। যুগ্ম কমিশনার বলেন, ভারতীয় ব্যবসায়ীরা বিহার থেকে বালুর ট্রাকে করে অবৈধ অস্ত্র পশ্চিমবঙ্গের আস্তানায় নিয়ে আসেন। এরপর সুযোগ বুঝে বেনাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে অস্ত্রের চালান পৌঁছে দেয় গ্রুপটি। জব্দ হওয়া অস্ত্রগুলোর মধ্যে কয়েকটির গায়ে ইউএসএ লেখা রয়েছে। তবে সেগুলো আসলে ইউএসএ’র কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
ইত্তেফাক/এএন