বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। আগামী ৩, ৪ ও ৫ নভেম্বর চলবে এই পরীক্ষা। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রেখেছে খুলনা পুলিশ বিভাগ। সেই সঙ্গে সার্বিক বিষয় বিবেচনা করে যানজট নিরসনের ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে।
পুলিশ বিভাগ ও খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা চলাকালীন সময় গল্লামারী ব্রিজ থেকে জিরোপয়েন্ট পর্যন্ত সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। গাড়ি পার্কিংয়ের জন্য জিরো পয়েন্ট এবং তার আশপাশের এলাকা ব্যবহারের সুবিধা রাখা হবে। এ সময় বিকল্প পথ হিসেবে সোনাডাঙ্গা থেকে রূপসা সংযোগ সড়ক জিরো পয়েন্ট হয়ে যানবাহন চলাচল করতে পারবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিকে ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে আশপাশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, গোয়েন্দা সংস্থা, র্যাব ও সাদা পোশাকে নিরাপত্তা সদস্যদের এবং বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নিয়োজিত রাখারও সিদ্ধান্ত গৃহীত হয়।
এ ছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক এসএম আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণের জন্য আসন বিন্যাস সম্পন্ন হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্র ছাড়াও কেসিসি উইমেনস কলেজ (রূপসা), রেভারেন্ড পল্স ও হোপ পলিটেকনিক অ্যান্ড টেকনিক্যাল ইন্সটিটিউট এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, গল্লামারী, খুলনা উপ-কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সিট বিন্যাস : খুলনা বিশ্ববিদ্যালয় মূল কেন্দ্রে রোল নম্বর-০০০১ থেকে ৫০২৮ পর্যন্ত এবং কেসিসি উইমেনস কলেজ উপ-কেন্দ্রে রোল নম্বর- ৫০২৯ থেকে ৭০০৪ পর্যন্ত, রেভারেন্ড পল্স স্কুল (সিএসএস), গল্লামারী উপ-কেন্দ্রে রোল নম্বর- ৭০০৫ থেকে ৮১৪১ পর্যন্ত, হোপ পলিটেকনিক অ্যান্ড টেকনিক্যাল ইন্সটিটিউট, গল্লামারী উপ-কেন্দ্রে রোল নম্বর- ৮১৪২ থেকে ৮৯০৫ পর্যন্ত এবং লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, গল্লামারী উপ-কেন্দ্রে রোল নম্বর-৮৯০৬ থেকে ৯৩৩২ পর্যন্ত।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের, দুপুর ১টা থেকে বেলা ২-৩০টা পর্যন্ত জীববিজ্ঞান স্কুলের এবং বিকেল ৩-৩০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চারুকলা ইন্সটিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৯টা থেকে ১০-৩০টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের এবং বেলা ২-৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমাজ বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের এবং বেলা ২-৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি সংক্রান্ত আরো তথ্য জানতে ক্লিক করুন: http://ku.ac.bd/ku-admission/%20undergraduate%20/
ইত্তেফাক/আরএ