মুহাম্মদ রফিকে অপমান করলেন করণ জোহর!

'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিতে 'লিজেন্ডারি' শিল্পী মুহাম্মদ রফিকে অপমান করেছেন পরিচালক করণ জোহর। এই দাবি রফি-পুত্র শাহিদ রফি'র। 
 
'অ্যায় দিল হ্যায় মুশকিল' -এর এক সংলাপে অপমান করা হয়েছে রফিকে। ওই সংলাপে বলা হয়েছে, ‘মুহাম্মদ রফি গাতে নেহি, রোতে হ্যায়’! 
 
শাহিদ রফির দাবি, 'যিনি এই সংলাপ লিখেছেন তাকে বোকা ছাড়া আর কিছু বলা যায় না। রফি যে কে ছিলেন, তা সম্ভবত তিনি জানেন না। কী করে একজন কিংবদন্তি গায়কের সম্পর্কে কেউ এ কথা লিখতে পারেন? করণ জোহরের থেকে এটা আশা করিনি। তার বাবার ছবিতেও আমার বাবা গান গেয়েছেন।'
 
শাহিদ রফি জানিয়েছেন, ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে। এতদিন পর ছবি থেকে ওই সংলাপ বাদ দেওয়া সম্ভব নয়। তবে এমন কাজের জন্য ক্ষমা চাওয়া উচিত করণের।
 
শাহিদ রফি আরও জানিয়েছেন, তিনি নিজে ছবিটি দেখেননি। তবে ছবিটি মুক্তির পর অনেক দর্শক তাকে মেসেজ করে বিষয়টি জানিয়েছেন।
 
ইত্তেফাক/এএম