আইজিপি এ কে এম শহিদুল হক বলেন, জঙ্গিবাদকে রুখতে না পারলে দেশ অকার্যকর রাষ্ট্রে পরিনিত হবে। দেশের অবস্থা এক সময় পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়ার মত হবে।
বুধবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় নবনির্মিত পাগলা থানার দ্বিতল ভবন উদ্বোধন শেষে ‘জঙ্গি ও সন্ত্রাস বিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, জঙ্গিবাদ রুখতে পুলিশ জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। জঙ্গিবাদবিরোধী অভিয়ানে পুলিশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদবিরোধী অভিযান বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।
পাগলা থানার প্রাঙ্গনে পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলামের সভাপতিত্বে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে অন্যদের মধ্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, স্থানীয় এমপি ফাহমি গোলন্দাজ বাবেল, জমিদাতা মুরাদ আহাম্মেদ, মাহমুদা ইদ্দিস বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি