স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে গেল স্কুল ছাত্রের প্রাণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আকস্মিক ঝড়ে গাছের ডাল ভেঙে মাথায় পড়ায় এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার উপজেলা সদরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান দেখে বাড়ি ফেরার পথে নলেয়া গ্রামে আচমকা ঝড়ে রেইনট্রি গাছের একটি ডাল মাথায় ভেঙে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ছবির উদ্দিন (১১) নামের ওই বালক উপজেলা সদরের এ্যব্লুম একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে ইসলামপুর গ্রামের মোহর আলীর পুত্র। 

উপজেলা প্রশাসনের আয়োজনে ভূরুঙ্গামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালে সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক ঝড়ো বাতাস শুরু হয়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গাছের ডাল পড়ে তার মৃত্যু হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মাগফুরুল হাসান মৃত্যুর সংবাদে দুঃখ প্রকাশ করেছেন। তিনি জানান, এব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে।

ইত্তেফাক/কেআই