নতুন ছবির প্রত্যাশায়

এর আগে দু’বার আইরিন অভিনীত এসএ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ সিনেমাটির মুক্তির তারিখ নিধার্রিত হয়েছিল। কিন্তু সিনেমাটির পরিচালক সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে নেন। কারণ হিসেবে ‘আয়নাবাজি’ সিনেমার সাফল্যকে স্বাগত জানাতে এবং হল মালিক বুকিং এজেন্টদের অনুরোধে নিজের সিনেমার মুক্তির ক্ষণ পিছিয়ে নেন অলিক। কিন্তু এবার আর পিছু হটা নয়। এবার নিজের সিনেমা নিয়েই দর্শকদের সামনে আসছেন এসএ হক অলিক। তার নির্মিত আইরিন অভিনীত ‘এক পৃথিবী প্রেম’-এ নতুন এক আইরিনকে দেখবেন বলেও জানান অলিক।

 

এসএ হক অলিক বলেন, ‘এর আগে আইরিন অভিনীত কয়েকটি সিনেমায় তার অভিনয় দেখেছি। তার অভিনয় দেখেই কিন্তু আমার সিনেমাতে তাকে নেওয়া। কিন্তু আমার সিনেমাতে দর্শক নতুন এক আইরিনকে খুঁজে পাবেন। আমার বিশ্বাস, তার অভিনয়ে দর্শক মুগ্ধ হবেন, তার চোখের জলে দর্শকও চোখ ভেজাবেন। নতুন করে দর্শক সত্যিকারের অভিনেত্রী আইরিনকে খুঁজে পাবেন। শুধু তাই নয়, এটি একটি পারিবারিক গল্পের সিনেমা। তাই যেসব সিনেমা হলে পরিবারের সবাইকে নিয়ে সিনেমাটি দেখার পরিবেশ আছে, সেসব সিনেমা হলেই এটি মুক্তি দেওয়ার চেষ্টা থাকবে।’

 

আইরিন বলেন, ‘অলিক ভাই আমাকে এই সিনেমাতে অভিনয়ে দারুণভাবে সহযোগিতা করেছেন। আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে তার সঙ্গে বেশ কয়েকবার আলোচনাও করি আমি। সব মিলিয়ে আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। এটা আমার জন্য একটা বড় চ্যালেঞ্জও ছিল। এই সিনেমাতে সিনিয়র শিল্পী যারা অভিনয় করেছেন, তারা প্রত্যেকেই আমাকে খুব সহযোগিতা করেছেন।’

 

এই ছবিতে আরও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, এটিএম শামুসজ্জামান, আবুল হায়াত, আমিরুল হক চৌধুরী, শর্মিলী আহমেদ, বিপাশা কবির প্রমুখ। আসছে ২৩ ডিসেম্বর মুক্তি উপলক্ষে অলিক চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করছেন এখন। আইরিন অভিনীত অন্যান্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হচ্ছে দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’, আলভী আহমেদের ‘ইউটার্ন’ সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’।