চ্যাম্পিয়ন্স লিগে সবচাইতে কম সময়ে রিয়াল মাদ্রিদের হয়ে গোলের রেকর্ড গড়লের গ্যারেথ বেল। লিগে গ্রুপ পর্বের ম্যাচে পোল্যান্ডের লেগিয়া ভরসবার বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। অবশ্য ম্যাচের শুরুতে দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-৩ গোলে ম্যাচটি ড্র হয়।
পোল্যান্ডে হওয়া ম্যাচের ৫৭ সেকেন্ডে গোল করে রেকর্ড গড়েন বেল। অবশ্য সর্বকালের জন্য সেরা হয়ে আছে চ্যাম্পিয়ন্স লিগে মাত্র ১০ সেকেন্ডে করা বায়ার্নের সাবেক ফরোয়ার্ড রয় ম্যাক্যায় এর গোল। সেটা অবশ্য রিয়াল মাদ্রিদের বিপক্ষে করেছিলেন তিনি।
এদিকে গ্রুপ পর্বের ম্যাচটিতে ৫৭ সেকেন্ডে গোলের পর ৩৫ মিনিটে করিম বেনজিমাকে গোলে সহায়তা করেন বেল। ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের পথেই ছিল উড়তে থাকা রিয়াল। কিন্তু তাদের মাটিতে নামিয়ে আনে ভরসবারের ভ্যাদিস ওদজিদজা-অফোয়ে। বেলজিয়ামের এই মিডফিল্ডারের গোলে ব্যবধান কমানোর পর দ্বিতীয়ার্ধে রিয়ালের ওপর চড়াও হয় ভরসবার। ৫৮ মিনিটে সমতা সূচক গোল করেন মিরোস্লেভ রেদোভিক।
ম্যাচের ৮৩ মিনিটে মিডফিল্ডার থিবল্ট মৌলিনের গোলে ভরসবার এগিয়ে গেলে পয়েন্ট হারানোর শঙ্কা তৈরি হয় রিয়াল সমর্থকদের মধ্যে। এ সময় রিয়ালকে রক্ষা করে ক্রোয়েশিয়ার মিডফিল্ডার মাতায়ো কোভাচিক। ৮৫ মিনিটে তার করা গোলে শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।
চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ 'এফ' এর এই ম্যাচে ড্র করায় পয়েন্ট তালিকায় ব্রুশিয়া ডর্টমুন্ডের কাছে শীর্ষস্থান হারাল রিয়াল। গোল ডটকম।
ইত্তেফাক/আরএ