‘৪ নেতার খুনিদের সাজা কার্যকর হবেই’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল রাষ্ট্র ক্ষমতায় থাকতেই জাতীয় চার নেতার আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। এ জন্য বিভিন্ন দেশের সঙ্গে ক‚টনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। 
 
জেলহত্যা দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজশাহীর কাদিরগঞ্জে জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের পারিবারিক কবরস্থানে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন। 
 
প্রতিমন্ত্রী বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ছিল বাঙ্গালি জাতির জীবনে প্রথম কলঙ্কজনক অধ্যায়। জেলহত্যা দিবস দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য ছিল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করা। কিন্তু তারা সফল হতে পারেনি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার অসমাপ্ত স্বপ্নকে বাস্তবে রূপ দিতে দৃঢ় প্রত্যয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। 
 
মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে আলোচনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি, আওয়ামী লীগের বিভাগীয় সংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এনামুল হক এমপি, আব্দুল ওয়াদুদ দারা এমপি, আয়েন উদ্দীন এমপি, বেগম আখতার জাহান এমপি, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেসা তালুকদার, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/ইউবি