বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) চতুর্থ আসরের টাইটেল স্পন্সর হলো আবুল খায়ের স্টিলস। বৃহস্পতিবার দুপুরে বিসিবি সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে একথা জানায় বিপিএল আয়োজক কমিটি।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আবুল খায়ের গ্রুপ অতীতেও বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিল। অতীতের ধারাবাহিকতায় আবার বাংলাদেশের ক্রিকেটের সাথে সম্পৃতার জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি।’
আবুল খায়ের গ্রুপের মার্কেটিং ও ব্র্যান্ড পরিচালক নওশাদ করিম চৌধুরী জানান, ‘কিছুটা বিরতির পর আবার ক্রিকেটের সাথে যুক্ত হতে পেরে আমরা আনন্দিত। বিপিএল এমনই একটি টুর্নামেন্ট যার মাধ্যমে বিদেশি ক্রিকেটারদের সাথে আমাদের দেশের ক্রিকেটাররা মেলামেশার সুযোগ পায়। এতে করে তাদের ক্রিকেটীয় প্রতিভা আরও বিকশিত হয়। শুধু তাই নয়, দেশের ভবিষ্যত ক্রিকেটার বের করে আনার ক্ষেত্রেও বিপিএল সব সময়ই গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।’
আর মাত্র এক দিনের ব্যবধানেই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গড়াচ্ছে বিপিএলের চতুর্থ আসর। উদ্বোধনী ম্যাচে দুপুর আড়াইটায় মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস ও নতুন দল রাজশাহী কিংস।
ইত্তেফাক/এমএইচ