দেশের ফ্যাশন মিডিয়াতে জনপ্রিয় মুখ বুলবুল টুম্পা। র্যাম্প মডেলে বর্তমান তারুণ্যের আইডল হিসেবে যিনি শোবিজে ব্যস্ত সময় পার করছেন। তবে বর্তমানে তার উল্লেখযোগ্য কাজ হলো টুম্পা বিভিন্ন রিয়েলিটি শো, ফ্যাশন অনুষ্ঠানে বিচারক হিসেবে কাজ করছেন। অন্যদিকে ট্রেইনার হিসেবেও ইতোমধ্যে কুড়িয়েছেন বেশ নামডাক। সময়ের ব্যস্ততা, কাজ আর ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ইত্তেফাক অনলাইনের সাথে কথা বলেছেন।
টুম্পা রাজধানী ঢাকার মিরপুরে থাকেন, শৈশবটা এখানেই কেটেছে। মোহাম্মদপুরে টুম্পার একটা স্কুল রয়েছে। সেখানে তরুণ-তরুণীদের ট্রেনিং দিয়ে থাকেন টুম্পা। দেশের র্যাম্প মডেলিংয়ে যে কজন তারকা নিজেকে অনন্য একটি উচ্চতায় নিয়ে গেছেন, তাঁদের মধ্যে বুলবুল টুম্পা অন্যতম। বিগত দেড় দশক ধরে শুধুই র্যাম্প মডেলিং নিয়ে ব্যস্ত ছিলেন। তবে সময়ের সাথে সাথে কাজের পরিধি বেড়েছে টুম্পার। বর্তমান কাজ নিয়ে টুম্পা বলেন, ‘এখন তো ইয়াংরাই বেশি মডেলিং করছে। আমি এখন কোরিওগ্রাফি নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকি’।
IMG0
তবে ভাল লাগার আরেকটি কাজ তিনি শুরু করেছেন। প্রশিক্ষণের পাশাপাশি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন বিচারকের কাজে। টুম্পা বলেন, ‘প্রায় তিন বছর হয়ে যাচ্ছে জাজমেন্টের দায়িত্বে কাজ করছি। এখন আরটিভির ভাটিকা ও সানসিল্কের একটি অনুষ্ঠানে জাজ হিসেবে ব্যস্ত রয়েছি’।
তবে ফটোশ্যুটেও মাঝে মাঝে দেখা যাচ্ছে এই মডেল কন্যাকে। ২ নভেম্বর বুধবার ‘আনন্দ ভূবন’ এর একটি কাভারের ফটোশ্যুটে দিন পার করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই কাজটি করতে ভাল লেগেছে। কারণ আমি শীত অনেক বেশি পছন্দ করি। আর আনন্দ ভূবনের কাজটিও ছিল আসছে শীত উপলক্ষ্যে।’
IMG1
‘আনন্দ ভূবন’র ফটোশ্যুটে বুলবুল টুম্পার সাথে ছিলেন শাওন খান। ফটোশ্যুট, কোরিওগ্রাফি, বিচারকের কাজ ছাড়াও বিভিন্ন ওপেনিং অনুষ্ঠানের অতিথি হিসেবেও ব্যস্ত রয়েছেন তিনি।
মডেলিংয়ের বিষয়ে টুম্পা বলেন, ‘নিজেকে ভালোমতো তৈরি করাটা হচ্ছে মুখ্য। র্যাম্পিং বা ফ্যাশন ওয়ার্ল্ডকে ভালোবেসে এ সেক্টরে আসাটা জরুরি। এ দুইয়ের সমন্বয় যার মধ্যে ঘটবে সে অবশ্যই ভালো কিছু করতে পারবে এখানে। ম্যানারটা জানতে হবে। আসলে একজন মানুষের ব্যবহার আচরণ প্রতিটি ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্যাশন ইন্ডাস্ট্রির বাইরের কোনো বিষয় নয়।’
IMG2
উল্লেখ্য, সম্প্রতি এই তারকা দেশ ছাড়িয়ে নিজের কাজের গন্ডি দেশের বাইরে নিয়ে গেছেন। কাজ করেছেন কলকাতার সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন ‘নারী’তে। এই ম্যাগাজিনে বৈশাখ সংখ্যায় তাঁর বেশকিছু ছবি গুরুত্বের সঙ্গে ছাপা হয়েছে।
ইত্তেফাক/এমএআর