নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিয়োগ বিধিমালার তোয়াক্কা না করে ১০ টাকা কেজি দরের চাল বিতরনে অতিরিক্ত ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, মোটা অংকের টাকার বিনিময়ে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
ডিলার নিয়োগ নীতিমালায় স্পষ্ট উল্লেখ আছে, উপজেলা কমিটি এ কর্মসুচি বাস্তবায়নের জন্য প্রতি ইউনিয়নে গড়পরতা ৫০০ জন সুবিধাভোগী পরিবারের জন্য একজন করে ডিলার নিয়োগের অনুমোদন দিবে। এ জন্য উপজেলার ৯ টি ইউনিয়নে ২২ হাজার ৫০০ সুবিধাভোগীর জন্য ৪৫ জন ডিলার নিয়োগ দেয়ার কথা। কিন্তু নিয়োগ কমিটির প্রধান উপদেষ্টা মোটা অংকের টাকার বিনিময়ে গত ২৬ অক্টোবর ৪৮ জন ডিলার নিয়োগ করেছেন। যা ডিলার নিয়োগ নীতিমালার একেবারে পরিপন্থি।
এ ব্যাপারে ডিলার নিয়োগ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসানের সঙ্গে কথা বললে তিনি বলেন, এ বিষয়ে আপনারা( সাংবাদিকরা) নিয়োগ কমিটির প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন। এর বেশি কিছু আমি বলতে পারবো না।
নিয়োগ কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (বর্তমানে অবসরে) সামছুল হক বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশে তিনজন ডিলার অতিরিক্ত নিয়োগ দেয়া হয়েছে।
নিয়োগ কমিটির প্রধান উপদেষ্টা নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৈৗধুরীর সঙ্গে অতিরিক্ত ডিলার নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ঢাকায় পার্টির মহাসচিবের অফিসে আছি, পরে যোগাযোগ করুন।
ইত্তেফাক/এএন