ত্রিশালে ট্রেনের টিকিট ক্রয়কে কেন্দ্র করে যুবলীগ আহবায়কের বাসায় গোলাগুলি, ৪ মহিলা আহত

ময়মনসিংহের ত্রিশালে ট্রেনের টিকিট ক্রয়কে কেন্দ্র করে ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের কর্মীরা বৃহস্প্রতিবার সন্ধা সাড়ে ৭ টায় প্রতিপক্ষ উপজেলার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল বারীর বাসায় ও যুবলীগের অফিসে ভাংচুর করে। এসময় তারা অফিস ও বাসা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে, হামলায় ৪ মহিলা আহত হন। এই ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে রাতে র‌্যাব ও পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
 
জানা যায়, ময়মনসিংহের ত্রিশাল বালিপাড়া রেলষ্টেশনে কাউন্টার থেকে বালিপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের আত্বীয় মাসুদ ও চেয়ারম্যানের ছেলে আদনান ট্রেনের টিকিট কাটতে যায়। এ সময় টিকিট মাষ্টার বালিপাড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল বারীর বড় ভাই নবী হোসেনের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ও বারীর সঙ্গে চেয়ারম্যানের দলীয় অন্তদ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোলাম মোহাম্মদ বাদলের লোকজন আব্দুল বারীর বালিপাড়া বাজারের বাসায় হামলা ও ভাংচুর করে। হামলায় বারীর স্ত্রী রোজী আক্তার, মেয়ে রুনা আক্তার, ভাবী রাবিয়া আক্তার ও কবিতা আহত হন। পরে আক্রমণকারীরা বালিপাড়া ইউনিয়ন যুবলীগ অফিসেও হামলা চালিয়ে ভাংচুর করে।
 
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান, দলীয় অন্তর্দ্বন্দ্বের কারনে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের লোকজন বারীর বাসায় হামলা করে ভাংচুর করেছে।
ইত্তেফাক/এএন