টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে বাংলাদেশকে আগামী চার বছরে ১২০ কোটি ডলার সহায়তা দেওয়ার কাঠামোগত চুক্তি স্বাক্ষর করেছে জাতিসংঘ। ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সঙ্গতি রেখে ২০১৭ থেকে ২০২০ সাল মেয়াদে এই অর্থ বাংলাদেশকে দেওয়া হবে। এ লক্ষ্যে গতকাল শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়াটকিন্স।
অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন, মানুষের সমান অধিকারসহ পরিবেশগত সুরক্ষা ও সক্ষমতা আরো বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।
রবার্ট ডি. ওয়াটকিন্স বলেন, এই কাঠামোগত চুক্তির ফলে টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে সরকার ও জাতিসংঘের মধ্যে বন্ধন আরো দৃঢ় হলো। জাতিসংঘের সংস্থাগুলো এসজিডি সম্পর্কিত কাজের অগ্রাধিকার নির্ধারণসহ লক্ষ্যমাত্রা অর্জনে পথনির্দেশক হিসেবে কাজ করবে। মানবাধিকার, লিঙ্গ সমতা, নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন ও সক্ষমতা অর্জনের মতো বিষয়গুলো এই কাঠামোতে উল্লেখ করা হয়েছে। জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন বলেন, এই কাঠামোর আলোকে দ্রুত প্রাথমিক পদ্ধতিগুলো তৈরি হলে যথাযথ সময়ের মধ্যে কার্য বাস্তবায়ন ও তহবিল ব্যবহার করা যাবে।
ইত্তেফাক/এএন