৬০ বছরে প্রাথমিকে!

 
শিক্ষা ছাড়া যে উন্নতি সম্ভব নয় এই কথাটি ৬০ বছর বয়সে হলেও উপলব্ধি করে প্রাথমিক স্কুলে ভর্তি হয়েছেন আব্দুর রশিদ নামের এক বৃদ্ধ। দিনাজপুরের বোচাগঞ্জের উপজেলার যোশহর শাহপাড়ার বাসিন্দা আব্দুর রশিদ। 
 
এতো বছর বয়সে স্কুলে ভর্তির বিষয়ে তৃতীয় শ্রেণির ছাত্র আব্দুর রশিদ জানান, লেখাপড়া না জানার কারণে জীবনে অনেক জায়গাতেই ঠকতে হয়েছে। তাই তিনি স্কুলে ভর্তি হয়েছেন। স্কুলের ছোট ছোট সহপাঠীদের সঙ্গে নিয়মিত ক্লাস করেন তিনি। বিডিনিউজের খবরে বলা হয়েছে, শিক্ষকদের কথাও মনোযোগ দিয়ে শোনেন তিনি। ক্লাসের সহপাঠীরা তাকে পেয়ে বেশ আনন্দিত। তার সঙ্গে মানিয়ে নিতে তাদের কোনো সমস্যা হয় না। তিনি নিজেকে এখনো শিশু-ই মনে করেন। 
 
স্কুলের প্রধান শিক্ষক অনিল চন্দ্র রায় জানান, স্কুল কর্তৃপক্ষ প্রথমে তাকে ভর্তি করতে অনীহা প্রকাশ করলে এলাকাবাসীর অনুরোধে তাকে ভর্তি করা হয়। বোচাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরজুমান্দ বানু জানান, বয়সে বড় হলেও শিক্ষার কোনো বয়স নেই। এটা অন্য নিরক্ষর মানুষের কাছে অনুকরণীয় হবে। স্কুলে ক্লাস করার পাশাপাশি একটি কোচিং সেন্টারে নিয়মিত কোচিংও করেন আব্দুর রশিদ।