গাজীপুরে দেড় কোটি টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প-সরঞ্জাম জব্দ

গাজীপুর মহানগরীর মাঝুখান এলাকায় অভিযান চালিয়ে এক কোটি ৬৭ লাখ ১২ হাজার ৪০০ টাকা মূল্যের বিভিন্ন মূল্যমানের জাল কোর্ট ফি, রেভিনিউ স্ট্যাম্প ও স্ট্যাম্প তৈরির যন্ত্রপাতিসহ দুইজনকে গ্রেফতার করেছে গাজীপুরের সিআইডি পুলিশ। গ্রেফতাকৃতরা হলেন, বরিশালের কোতোয়ালী থানার দক্ষিণ রূপাতলী এলাকার মো. ফারুক হাওলাদার (৪৫) এবং তার স্ত্রী মোসা. মাসুমা বেগম (৩৫)।
 
শুক্রবার সকালে সিআইডি পুলিশের গাজীপুর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে সিআইডি ঢাকা জোনের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান, গাজীপুর সিআইডির সহকারী পুলিশ সুপার মো. আশরাফ হোসেন, পরিদর্শক মো. শহীদ উল্লাহ, দুলাল চন্দ্র সেন, পরিদর্শক মো. আরজু মিয়া ও পরিদর্শক মো. সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সিআইডি ঢাকা জোনের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাজুখান মধ্যপাড়া এলাকার আক্কাস উদ্দিনের ভাড়া বাড়িতে বৃহস্পতিবার মধ্যরাতে গাজীপুর সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ওই দম্পতিকে গ্রেফতার করা হয়। পরে তাদের বসতঘর থেকে ১০ টাকা মূল্য মানের এক কোটি ৩০ লাখ জাল রেভিনিউ স্ট্যাম্প, দুই টাকা মূল্যমানের ৩২ হাজার টাকা মূল্যের বিশেষ আঠালো স্ট্যাম্প, চার টাকা মূল্যমানের ৩০ হাজার ৪০০ টাকা মূল্যের জাল কোর্ট ফি, পাঁচ টাকা মূল্যমানের ১২ লাখ টাকা মূল্যের জাল কোর্ট ফি স্ট্যাম্প, ২০ টাকা মূল্যমানের ১৭ লাখ ৬০ হাজার মূল্যের কোর্ট ফি জাল স্ট্যাম্প ও ৫০ টাকা মূল্যমানের পাঁচ লাখ ৫০ হাজার টাকা মূল্যের দলিল প্রমানক জাল স্ট্যাম্পসহ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে।
 
তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে জাল রেভিনিউ স্ট্যাম্প, জাল কোর্ট ফি স্ট্যাম্প ও অন্যান্য সামগ্রী তাদের পলাতক সহযোগীদের মাধ্যমে প্রক্রিয়া করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বাজারজাত করতো। এ ঘটনায় সিআইডির পরিদর্শক দুলাল চন্দ্র সেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে জয়বেপুর থানায় মামলা দয়ের করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ
 
 
 
ইত্তেফাক/এএসএমইউ/এমআই