সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

 
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর, হবিগঞ্জ জেলার মাধবপুর, মনতলা, সুনামগঞ্জ জেলার ছাতক বাজার, মৌলভীবাজার জেলার কামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা-ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে পৃথকভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
 
শুক্রবার সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা যৌথ উদ্যেগে ও বাংলাদেশ বৈদিক আর্য সমাজ ঠাকুরগাঁও শাখা, জাগো হিন্দু পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার যৌথ উদ্যেগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
 
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইন্দ্রনাথ রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অরুনাংশ দত্ত টিটু, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ প্রমূখ।
 
বক্তারা আইন প্রয়োগকারী সংস্থার কঠোর সমালোচনা করে বলেন, তাদের ব্যর্থতা প্রমাণ করেছে তারা জেনে বুঝে নীরব থেকেছেন। বক্তারা এই নারকীয় ঘটনায় ব্যর্থ প্রশাসনের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকার তীব্র সমালোচনা করে এই ঘটনার দায় তিনি এড়াতে পারেন না বলে উল্লেখ করেন। 
 
বক্তারা প্রকৃত হামলাকারী, উস্কানিদাতাদের অবিলম্বে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 
 
 
ইত্তেফাক/কেকে