সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির তালিকা থেকে হতদরিদ্রদের নাম বাদ দেয়ায় এক ইউপি সদস্যকে গণপিটুনি দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।
শুক্রবার সকালে উপজেলার মহিষখোচা বাজার এ ঘটনা ঘটেছে। পরে আদিতমারী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সরেজমিনে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে ১০ টাকা কেজি দরের চাল ক্রয় করতে আসেন মহিষখোচা ইউনিয়নের গোবরধন ৯ নং ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের লোকজন। চাল নিতে গিয়ে দুই-তিনজন দেখতে পান নতুন তালিকায় তাদের নাম হতদরিদ্রের তালিকা থেকে কেটে দিয়েছেন ইউপি সদস্য আজাহার আলী। এরকম আরো ২২ জনের নাম তালিকা থেকে কেটে দেয়া হয়েছে। এ সময় এদের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়।
এদিকে হতদরিদ্রের নাম তালিকা থেকে বাদ দেয়ায় উত্তজিত জনতা ও ক্ষিপ্ত হয়ে মহিষখোচা বাজারে তাকে মারধর শুরু করেন। অবস্থা বেগতিক দেখে ওই ইউপি সদস্য ইউপি চেয়ারম্যানের দোকান ঘরে আশ্রয় নেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী বলেন, ‘নাম কাটা নিয়ে উত্তেজিত কিছু লোক মারধর করেছে। বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেশ্বর রায় বলেন, ‘এখন পযর্ন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইত্তেফাক/এএসএমইউ