সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নতুনভাবে রোপণ করেছিলেন জেনারেল জিয়া : ইনু

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ নতুনভাবে রোপণ করেছিলেন জেনারেল জিয়া। আর সেই বিষবৃক্ষটা হলো বিএনপি নামক একটি দল। তিনি বলেন, জাতীয় চার নেতার হত্যার মধ্যে দিয়ে খুনি ও তাদের পৃষ্ঠপোষকরাই বাংলাদেশকে সাম্প্রদায়িকতা এবং পাকিস্তান পন্থার দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা চালিয়েছিল।
 
আজ শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন। জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে বিএনপি ও খালেদা জিয়ার কোন কর্মসূচি না থাকার বিষয়টি সাংবাদিকদের কাছে তিনি উল্লেখ করেন।
 
 
তিনি আরো বলেন, রাজনীতির বিষবৃক্ষ ও বিএনপির পৃষ্ঠপোষক খালেদা জিয়া এখন পর্যন্ত সেই খুনিদের রক্ষার রাজনীতি অব্যাহত রেখেছেন। আর এই খুনি রক্ষার রাজনীতি যদি অব্যাহত থাকে তাহলে রাজনীতি ও গণতন্ত্রের জন্য খালেদা জিয়া ও বিএনপি হুমকিস্বরূপ।
 
এ সময় ইনু দেশবাসীর উদ্দেশ্য বলেন, জেলহত্যা দিবসে দলমত নির্বিশেষে হত্যাকাণ্ডের নিন্দা সবাই জানিয়েছে। জাতীয় চার নেতাকে সম্মানও জানিয়েছে। শুধুমাত্র খালেদা জিয়া ও বিএনপি জাতীয় চার নেতার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে কোন বিবৃৃতি দেয়নি। সুতরাং বেগম খালেদা জিয়াকে নিয়ে সর্তক হন। তিনি দেশের রাজনীতির জন্য উপযুক্ত নন।-বাসস।
 
 
ইত্তেফাক/এমআই