কালীগঞ্জে জুয়েলারি কারখানায় যুবক খুন

গাজীপুরের কালীগঞ্জে একটি জুয়েলারি কারখানায় শ্যামল চন্দ্র বর্মন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। 
 
শুক্রবার দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। 
 
শ্যামল মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বেশনাল গ্রামের যুধিষ্ঠির চন্দ্র বর্মনের ছেলে। তিনি কালীগঞ্জ বাজারের গৌরাঙ্গ চৌধুরী মালিকানাধীন অমিত জুয়েলারি কারখানায় শ্রমিকের কাজ করতেন। 
 
কারখানার আরেক শ্রমিক নজরুল জানান, তিনি কারখানার পাশের মুনশুরপুর গ্রামে ভাড়া থাকেন। সকালে কারখানার শাটারের তালা খুলে দেখতে পান মেঝেতে শ্যামলের মরদেহ পড়ে আছে এবং কারখানার পকেট গেট খোলা। পরে কারখানার মালিককে জানালে তিনি পুলিশকে খবর দেন। 
 
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান জানান,  এ ব্যাপারে ওই কারখানার নজরুল ইসলাম নামে এক শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি