স্যামুয়েলসের পরিবর্তে ডাউরিচ

বিরল বিশ্ব রেকর্ডের মালিক ক্রেইগ ব্র্যাথওয়েটের সাথে জুটি বেঁধে শারজাহ টেস্টে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজকে স্মরণীয় জয় এনে দিয়েছিলেন উইকেটরক্ষক শেন ডাউরিচ। তার এমন দুর্দান্ত পারফরমেন্স দৃষ্টি কেড়েছে ক্যারিবীয় বোর্ডের।
 
ফলে জিম্বাবুয়ের মাটিতে আসন্ন ত্রিদেশীয় সিরিজে অভিজ্ঞ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলসের পরিবর্তে ক্যারিবীয় ওয়ানডে দলে প্রথমবারের মত ডাক পেলেন ডাউরিচ। 
 
সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও  টোয়েন্টি টোয়েন্টি সিরিজে পুরোপুরি ব্যর্থ ছিলেন স্যামুয়েলস। টি-২০ সিরিজে ৪৭ রান ও টেস্টে ১৪৩ রান করেন তিনি। তবে ওয়ানডেতে কিছুটা হলেও নিজের নামের সুবিচার করেছেন স্যামুয়েলস। তিন ওয়ানডেতে ৪৬, ৫৭ ও ১৩ রানের ইনিংস খেলেন তিনি।
 
কিন্তু টেস্ট সিরিজে বাজে পারফরমেন্সের কারণে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল থেকে বাদ পড়লেন স্যামুয়েলস। তার জায়গায় দলে আসলেন ডাউরিচ। শারজাহ টেস্টে ৪৭ ও অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন তিনি। ব্র্যাথওয়েটকে যোগ্য সঙ্গই দিয়েছেন ডাউরিচ। ফলে ৫ উইকেটের জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
 
ডাউরিচের মত ওয়ানডে দলে ডাক পেলেন পেসার মিগুয়েল কামিন্স। প্রায় আড়াই বছর পর ওয়ানডে দলে ডাক পেলেন তিনি। এখন পর্যন্ত ১টি ওয়ানডে ও ৫টি টেস্ট খেলেছেন মিগুয়েল। আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।
 
ইত্তেফাক/এমএইচ