রাবি শিক্ষকের আত্মহত্যা: সহকর্মী পুলিশ হেফাজতে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আকতার জাহান জলির ‘আত্মহত্যা’ ঘটনায় একই বিভাগের জুনিয়র সহকর্মী সহকারী অধ্যাপক মোহা. আতিকুর রহমান ওরফে রাজাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। 
 
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় থেকে আটক করা হয় বলে জানান মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) আল আমীন। রাজা বিশ্ববিদ্যারয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। 
 
বিভাগ সূত্রে জানা গেছে, রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক তানভীর আহমদকে ভালোবেসেই বিয়ে করেছিলেন আকতার জাহান জলি। এ দম্পতির এক পুত্র সন্তান রয়েছে। কিন্তু স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চরমে পৌঁছায় ২০১০ সালে। ২০১১ সাল থেকে স্বামী-স্ত্রী পৃথকভাবে বসবাস শুরু করেন। 
 
এ ব্যাপারে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, ‘বিভাগের শিক্ষক আকতার জাহান জলির মৃত্যু এবং এর কিছুদিন পরেই বিভাগের শিক্ষার্থী লিপু হত্যাকাণ্ডের ঘটনায় আমরা খুবই মর্মাহত। ঘটনা দুটির পেছনে যারা জড়িত তারাই যেন শাস্তি পায়। নিরাপরাধ কেউ যেন মিথ্যা অভিযোগে ভিত্তিতে হয়রানি না হয় সে ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে পুলিশকে অনুরোধ করেছি।’ 
 
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) আল আমীন বলেন, ‘আতিকুর রহমানকে একই বিভাগের আরেক শিক্ষক আকতার জাহানের আত্মহত্যার প্ররোচণার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। এখনো তিনি গোয়েন্দা হেফাজতেই আছেন। জিজ্ঞাসাবাদে দোষী সাব্যস্ত হলে তাকে গ্রেফতার দেখানো হবে।’
 
ইত্তেফাক/ইউবি