চলতি বছরে ২০ রাজ্যে খুন ৫৪ পুলিশ সদস্য

আইওয়া’র পর নিউইয়র্কে পুলিশ সার্জেন্ট খুন, মারা পড়েছে খুনীও

যুক্তরাষ্ট্রে থামছেই না পুলিশ হত্যাকাণ্ড। চলতি বছরে নিউইয়র্কসহ ২০টি রাজ্যে ৫৪ জন পুলিশ সদস্য খুন হয়েছেন। গত বুধবার আইওয়া রাজ্যে দুজন পুলিশ অফিসারকে গুলি করে হত্যার ৪৮ ঘণ্টা পার না হতেই স্থানীয় সময় শুক্রবার দুপুরে নিউইয়র্ক সিটির অপরাধপ্রবণ এলাকা ব্রঙ্কসে আরো একজন সার্জেন্টকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন পুলিশ সার্জেন্ট। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশের গুলিতে ম্যানুয়েল রোজেলস (৩৫) নামে একজন সন্ত্রাসীও মারা গেছেন। 
 
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, শুক্রবার এমন একটি দিন, গত এক বছরে এই দিনটিতে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের ওপর আটটি হামলার ঘটনা ঘটেছে। নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) কমিশনার জেমস ও’নীল বলেছেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় নিউইয়র্ক সিটি ও পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে। সন্ত্রাসী রোজেলসের বাবা অবশ্য ছেলের মৃত্যুতে শোক প্রকাশ না করে বরং তিনি বলেছেন, এটি তার ছেলের প্রাপ্য ছিল।
 
দুপুর পৌণে তিনটার দিকে ব্রঙ্কসের বিচ রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত পুলিশ সার্জেন্ট পল তাজোলো (৪১) দুই সন্তানের জনক। পুলিশ বলছে, তাজোলোর ঘাতক রোজেলস এ পর্যন্ত ১৭ বার গ্রেপ্তার হয়েছে এবং একটি চুরির ঘটনায় সাফাক কাউন্টিতে প্রবেশে তার ওপর দুই বছরের নিষেধাজ্ঞা রয়েছে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ত্রাসী রোজেলস অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে ব্রঙ্কসের বিচ রোডে একটি লাল রঙের জিপ গাড়িতে সশস্ত্র অবস্থান নেয়। একজন অজ্ঞাতনামা নারী পথচারী অস্ত্রসহ রোজেলসকে দেখে ৯১১-এ কল করে। মুহূর্তে সার্জেন্ট পল তাজোলো এবং তার সহকর্মী সার্জেন্ট ইম্যানুয়েল কো ওই সন্ত্রাসীর গাড়ির পথরোধ করে। কিন্তু গ্রেপ্তার এড়াতে রোজেলস পুলিশকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে একটি গুলি তাজোলোর মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর পুলিশ সার্জেন্ট পায়ে একাধিক গুলিবিদ্ধ হয়েছেন। 
 
নিউইয়র্ক পুলিশের একটি সূত্র জানায়, গত বছরের অক্টোবরে ব্রঙ্কসের ইস্ট হারলেমে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পুলিশ ডিটেকটিভ র‌্যানডলফ হোল্ডার। এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে নিউইয়র্কের ব্রুকলিনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন পুলিশ অফিসার রাফায়েল রামোস এবং ওয়েনজিয়ার ল্যু। 
 
উল্লেখ্য, গত বুধবার যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের ডেস মোইনেসে এক বন্দুকধারীর আকস্মিক হামলায় এন্থনি বেমিনিও (৩৮) ও জাস্টিন মার্টিন (২৪) নামে দুই পুলিশ অফিসার নিহত হন। সিএনএন-এর অনুযায়ী চলতি বছরের ৪ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, আলাসকা, অ্যারিজোনা, আরকানসাস, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, আইওয়া, কানসাস, লুইজিয়ানা, ম্যাসাচুসেটস, মিসিসিপি, মিসৌরি, নিউ মেক্সিকো, নর্থ ডাকোটা, ওহাইও, ওরিগন, সাউথ ক্যারোলিনা, টেনেসি, টেক্সাস এবং উইসকনসিনে কমপক্ষে ৫৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। 
 
 
ইত্তেফাক/এমআই