ফুলবাড়ীয়া উপজেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনের ২৪তম দিনে আজ শনিবার সকাল থেকে অবরোধ চলছে।
এ দাবিতে দিনদিন উত্তপ্ত হয়ে উঠছে ফুলবাড়ীয়া। আবরোধ চলাকালে সকাল ৬টা থেকে উপজেলার কমপক্ষে ২০টি স্পটে অবস্থান নেয় আন্দোলনকারীরা। দূরপাল্লার যানবাহনসহ ভ্যানরিকশাও চলাচলে বাধা দেওয়া হয়। উপজেলা সদরের ভালুকজান ব্রিজের দুপাশ বন্ধ করে দিয়ে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন করে রাখে। সদরে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা। পৌর সদরের প্রায় সকল দোকানপাঠ বন্ধ ছিল।
এদিকে, উপেজলার আন্ধারিয়াপাড়ায় তিনদিনব্যাপী ইজতেমা আজ সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। অবরোধ চলাকালে ব্যাপক ভোগান্তিতে পড়ে ইজতেমা ফেরত মুসল্লিসহ অনার্স পরীক্ষার্থীরা।
১৯৭২ সালে ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজটি স্থাপিত হয়। এ কলেজটি বাদ দিয়ে নতুন এমপিও বিহীন বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা মহাবিদ্যালয়কে জাতীয়করণের জন্য তালিকাভুক্ত করা হয়। ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজ জাতীয়করণের দাবিতে ১৭৫ জন শিক্ষক কর্মচারী ও ৫ হাজার ছাত্র/ছাত্রী আন্দোলন করছে। ফুলবাড়ীয়া ময়মনসিংহ সড়কে পল্লী বিদ্যুৎ অফিস থেকে শুরু করে দেওখোলা পর্যন্ত সড়কে বিভিন্ন স্থানে গাছের গুড়ি, বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক বন্ধ করে দেয়। কলেজের মূল ফটকের সামনে সড়কে বসে শিক্ষিকারা অবস্থান নেয়। আন্দোলনকারী শিক্ষক নেতা এসএম আবুল হাশেম বলেন, অবরোধ চলাকালে এম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, ওষুধের দোকান ও খাবার হোটেল অবরোধের আওতায় মুক্ত থাকবে।
ইত্তেফাক/এমআই