বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক উপাচার্য দেশের স্বনামধন্য নাক-কান-গলা বিশেষজ্ঞ ও চিকিৎসক প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, চিকিৎসকরা যদি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন নেয়া বন্ধ করে তাহলে রোগীদের চিকিৎসা ব্যয় ৪০ শতাংশ কমে আসবে।
শনিবার রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ‘চিকিৎসক-ডাক্তার সম্পর্ক’ বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, কমিশন বিজনেসের জন্য চিকিৎসকদের সম্মানে অবনমন ঘটেছে। চিকিৎসকদের উচিত হবে কমিশন গ্রহণের মতো ‘ম্যালপ্র্যাকটিস’ থেকে বেরিয়ে আসা। তাহলে চিকিৎসকরা হারানো সম্মান পুনরায় ফিরে পাবেন।
সেমিনারে রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. মাসুম হাবিব ও উপাধ্যক্ষ অধ্যাপক মো. নওশাদ আলীসহ রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের অধ্যাপক, চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি