সমর্থকদের ধরে রাখার দিকে জোর দিচ্ছেন হিলারি ও ট্রাম্প

নির্বাচনের আগে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন বাড়তে থাকায় প্রচারণার কৌশল কিছুটা বদলেছেন হিলারি ক্লিনটন। প্রতিপক্ষের শিবিরে হানা না দিয়ে যেসব জায়গায় ডেমোক্রেটরা এগিয়ে আছেন সেখানেই সভা করছেন হিলারি। সমর্থকদের ধরে রাখার কৌশল নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পও। এদিকে নির্বাচনের দিন আল কায়েদার সম্ভাব্য হামলার যে খবর পাওয়া গেছে তা বিচার বিশ্লেষণ করছেন মার্কিন কর্মকর্তারা। ‘ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোতে’ চূড়ান্ত লড়াই  শুরু হয়েছে হিলারি ও ট্রাম্প শিবিরের। দু’জনই ওহাইও এবং পেনসিলভেনিয়ায় সভা করেছেন। এ দু’টি রাজ্যে তীব্র প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হচ্ছে। খবর বিবিসির।
 
ভোটারদের আকৃষ্ট করতে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
 
নির্বাচনী প্রচারণার শুরুর দিকে বিভিন্ন জনমত জরিপে ট্রাম্পের চেয়ে হিলারি ভাল ব্যবধানে এগিয়ে ছিলেন। কিন্তু শেষ দিকে এসে জনমত জরিপে দেখা যাচ্ছে ট্রাম্পের জনসমর্থন আগের চেয়ে অনেক বেড়ে গেছে। অনেকে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস দিচ্ছেন। এ প্রেক্ষিতে ডেমোক্রেটদের জন্য নিরাপদ বলে যেসব রাজ্যকে বিবেচনা করা হচ্ছিল সেসব রাজ্যের দিকেও এখন বিশেষ নজর দিচ্ছেন হিলারি ক্লিনটন। দিনরাত চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজ্য। অংশ নিচ্ছেন সভা, সমাবেশে। ট্রাম্পও বসে নেই। জনসমর্থন বেড়ে যাওয়ায় আশাবাদী হয়ে উঠেছেন তিনি। তাই ভোটারদের টানতে হিলারির বিরুদ্ধে সবরকম অস্ত্র ব্যবহার করছেন তিনি। উভয় দল এখন সিদ্ধান্তহীন ভোটারদের চেয়ে নিজ দলের সমর্থকদের ভোট টানতে বেশি মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের তিন কোটি ৭০ লাখ মানুষ ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন।
 
এদিকে নির্বাচনের দিন হামলার আশঙ্কা করা হচ্ছে। মার্কিন কর্তৃপক্ষ বলেছে, তারা আল কায়েদার সম্ভাব্য সন্ত্রাসী হামলা সম্পর্কিত তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই করছে। যুক্তরাষ্ট্রের ’ব্যাটেলগ্রাউন্ড রাজ্যগুলোতে’ ভোটারদের টানতে যখন হিলারি ও ট্রাম্প সচেষ্ট রয়েছেন ঠিক তখনই সম্ভাব্য এ হামলার হুঁশিয়ারি করা হল।
 
হিলারি ও ট্রাম্প ওহাইও ও পেনসিলভেনিয়া দুটি অঙ্গরাজ্যেই গতকাল সমাবেশ করেছেন। আগামী মঙ্গলবারের নির্বাচনে এ দুটি রাজ্য খুবই গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে পরিণত হতে পারে। ওহাইও’র ক্লিভল্যান্ডে একটি কনসার্টে অংশ নেয়ার মাধ্যমে হিলারি দিনের নির্বাচনী প্রচারণা শেষ করেন। তার সঙ্গে যোগ দিয়েছিলেন র্যাপ শিল্পী জে জেড ও তার স্ত্রী বিখ্যাত গায়িকা বিয়ন্স।হিলারি বলেন, ‘আমাদের অসমাপ্ত কাজ করতে হবে। আপনাদের সাহায্য নিয়ে আরো অনেক বাধা ভাঙতে হবে।’ জে জেড ও  বিয়ন্স এ সময় হিলারিকে সমর্থন করেন।
 

ইত্তেফাক/এএন