ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলার ঘটনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে নষ্ট করার জন্য এ হামলার ঘটনা ঘটানো হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের চিহ্নিত শত্রু ও তাদের সহযোগীরা এ হামলা করেছে।
সম্মেলনে আরো বলা হয়, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনও স্বাধীনতার বিরোধীরা অবস্থান করছেন। তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ক্রমবর্ধমান ভাবমূর্তি নষ্ট করছেন। এ জন্য সরকার ও নাগরিক সমাজকে সম্মিলিতভাবে জঙ্গি, মৌলবাদী ও সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে আজ রবিবার এসব কথা বলা হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমিরুল ইসলাম। লিখিত বক্তব্যে বলা হয়, মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী চক্র রসরাজের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টি করেছে, এতে যে কোনো সময় তার জীবন বিপন্ন হতে পারে। আমরা মনেকরি, রসরাজ কোনো অপরাধ করলে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে।
সম্মেলনে সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন ও সাধারণ সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক সভাপতি শেখ এ এস হাসান আরিফ প্রমুখ বক্তব্য রাখেন।
সম্মেলনে নাসিরনগরের ঘটনাস্থল পরিদর্শনের ঘোষণা দিয়েছে সুপ্রিমকোর্ট বার সমিতি। শিগগিরই তারা ওখানে যাবেন বলে জানায়।
ইত্তেফাক/কেকে