মধুখালীতে গৃহবধূ খুন, শ্বশুর-শাশুড়ি পলাতক

ফরিদপুরের মধুখালী উপজেলার ছকরিকান্দি গ্রামে যৌতুকের দাবিতে মুন্নি (২২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 
 
রবিবার সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। 
 
এ ঘটনার পর মুন্নির শ্বশুর হানিফ মণ্ডল, শাশুড়ি রাহেলা বেগম ও চাচা শ্বশুর কানাই মণ্ডলসহ বাড়ির লোকজন পলাতক রয়েছেন। মুন্নি মধুখালী পৌরসভার পরীক্ষিতপুর গ্রামের আ. রহমানের কন্যা।  
 
জানা গেছে, প্রায় ৪ বছর আগে ছকরিকান্দি গ্রামের হানিফ মণ্ডলের ছেলে সুমন মণ্ডলের (২৮) সঙ্গে মুন্নির বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর সুমন বিদেশে চলে যান। এর পর থেকে শ্বশুর, শাশুড়ি ও চাচা শ্বশুর বিভিন্ন সময় মুন্নিকে যৌতুকের জন্য নির্যাতন করতো। শনিবার রাতে আবারো নির্যাতন করলে মুন্নি বাবার কাছে ফোন করেন। রবিবার আ. রহমান মেয়েকে আনার জন্য মুন্নির শ্বশুর বাড়ি গেলে তার শ্বশুর শাশুড়ি ও চাচা শ্বশুর সালিশের কথা বলে উঠানে বসিয়ে রেখে ঘরে যায় এবং ঘর থেকে বেরিয়ে মুন্নি মারা গেছে বলে জানায়।  
 
পুলিশ জানায়, মুন্নির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআর/ইউবি