মার্কিন নির্বাচন নিয়ে সারাবিশ্বে মোটামুটি তুলকালাম অবস্থা। আর এই নির্বাচনের হাওয়া শোবিজ অঙ্গনেও বয়ে যাচ্ছে। গেল কয়েক সপ্তাহ ধরে দেখা গেছে, পছন্দের প্রার্থীর সমর্থনে মাঠে নেমে প্রচারণায় অংশ নিয়েছেন তারকারা। নতুন খবর, নির্বাচনের মাঠে না নামলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হলেন সল্লু মিয়া।
আসন্ন মার্কিন নির্বাচনে পছন্দের প্রার্থী হিসেবে বলিউড অভিনেতা সালমান খান হিলারি ক্লিনটনের পক্ষে টুইট করেছেন নিজের ভেরিফাইড আইডি থেকে।
খান সাহেব বলছেন ডেমোক্র্যাট পার্টির মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটন জিতলে তিনি খুশি হবেন।
টুইটে হিলারি ক্লিনটনের একটি ছবির সাথে ক্যাপশন হিসেবে তিনি লিখেছেন, আশা করছি আপনি জিতবেন। বিধাতা আপনাকে সংবিধান এবং মানুষের মূল্যবোধের দাম দেওয়ার শক্তি দেবে।
অল দ্য বেস্ট উল্লেখ করে পোস্টটি তিনি ‘হিলারি ক্লিনটন ফর প্রেসিডেন্ট’ নামে হ্যাশট্যাগ দিয়েছেন।
শুধু সালমান খান নন, এর আগে বলিউড থেকে অমিতাভ বচ্চনও হিলারির পক্ষে সমর্থন দিয়েছেন। আর্ন্তজাতিক শোবিজ থেকে হিলারির পক্ষে আরো রয়েছেন হলিউড অভিনেতা লিওনার্দো দ্য ক্যাপ্রিও, বেয়কন, কিম কার্দাশিয়ান, কেনি ওয়েস্ট, কেটি পেরিসহ অনেকে।
ইত্তেফাক/এমএআর