গাবতলীতে ৫২ একর জমি উদ্ধারে সিটি করপোরেশনের বাধা দূর

গাবতলীর গরুর হাঁট সংলগ্ন ইট, পাথর, বালুর আড়ৎ হিসেবে ব্যবহৃত তিনশ’ প্লটভুক্ত ৫২ দশমিক ৩৬ একর জমি উদ্ধারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আইনগত বাধা দূর হয়েছে। 
 
রবিবার ওই জমির ওপর দেয়া স্থিতিবস্থা প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এ সংক্রান্ত জারিকৃত রুল খারিজ করে দেয়া হয়েছে। 
 
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ রবিবার এই রায় দেন। আদালতে সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী মো. শাহজাহান শুনানি করেন। 
 
তিনি জানান, প্রায় এক যুগ আগে কিছু ব্যক্তি গাবতলী ইট, পাথর, বালু আড়ৎ বহুমুখী সমবায় সমিতির নামে ওই জমি অবৈধভাবে দখলে নেন। দখলদারদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে হাইকোর্ট এই জমির ওপর উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়ে রুল জারি করে। আদালত রুল খারিজ করে স্থিতাবস্থা প্রত্যাহার করে নিয়েছে। ফলে সিটি করপোরেশন জমি উদ্ধারে অভিযান পরিচালনা করতে পারবে।  
 
ইত্তেফাক/ইউবি