লিভারপুল-ম্যানইউয়ের জয়, আবারো হার লেস্টারের

 
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আরো একবার বড় ব্যবধানে জয় পেয়েছে লিভারপুল। তাদের সঙ্গে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে আবারো হেরে গেছে ইপিএল চ্যাম্পিয়ন লেস্টার সিটি।
লিভারপুল নিজেদের মাঠে ওয়াটফোর্টকে ৬-১ গোলে হারিয়েছে। সাদিও মেনের জোড়া গোলের পাশাপাশি গোল পেয়েছেন ফিলিপ কটিনহো, এমরে কেন, রোবের্তো ফিরমিনো এবং জর্জিনিয়ো উইজনেলডাম। ওয়াটফোর্টের পক্ষে একমাত্র গোলটি করেন ডেরিয়েল জেনম্যাট।
লেস্টার সিটি নিজেদের মাঠে ১-২ গোলে হেরে গেছে ওয়েস্ট ব্রোম উইচ আলবিয়নের কাছে। ম্যাচে আলবিয়নের মিডফিল্ডার জেমস মরিসন ৫২ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেয়। এর ৩ মিনিট পরেই সমতা সূচক গোলটি করেন লেস্টারের ফরোয়ার্ডার সিলিমেনি ইসলাম। কিন্তু ম্যাচের ৭২ মিনিটে ম্যাথিউ ফিলিপসের গোলে আবারো এগিয়ে যায় আলবিয়ন। শেষ পর্যন্ত এই গোলটি আর শোধ করতে পারেনি গতবারের লিগ চ্যাম্পিয়নরা।
অন্যদিকে সোয়নসে সিটির মাঠে ১-৩ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে পল পগবার গোলে এগিয়ে যাওয়ার পর ইব্রাহিমোভিচের জোড়া গোলে ০ -৩ ব্যবধানে এগিয়ে যায় ম্যানইউ। দ্বিতীয়ার্ধে ৬৯ মিনিটে সোয়ানসে সিটির পক্ষে একমাত্র শান্তনা সূচক গোলটি করেন ভ্যানডের হুম।
 
ইংলিশ প্রিমিয়ার লিগে ১১তম ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গতবারের লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটির অবস্থান ১৪তম। শীর্ষ চারে থাকার আশাও দিনে দিনে হারিয়ে যাচ্ছে দলটির। অন্যদিকে গত আগস্টের ২০ তারিখের পর অপরাজিত আছে লিভারপুল। ১১ ম্যাচ শেষে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ম্যানচেস্টার ইউনাইটেড ১৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ অবস্থানে। লিগ পয়েন্ট টেবিলের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে চেলসি (২৫ পয়েন্ট) ও ম্যানচেস্টার সিটি (২৪ পয়েন্ট)। গোল ডটকম।
 
ইত্তেফাক/আরএ