প্রাণিসম্পদ মন্ত্রীর বহিষ্কার দাবিতে রাবিতে মানববন্ধন

সারাদেশে সংখ্যালঘু সাম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হককে জাতীয় সংসদ থেকে বহিষ্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেয়।
 
মাববন্ধনে বক্তারা বলেন, আমরা হিন্দু না, মুসলিম না, বৌদ্ধ না, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ, আমরা বঙালি, আমরা বাংলাদেশি। স্বাধীনতা যুদ্ধে হিন্দু, মুসলিম সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। এরকম একটি অসাম্প্রদায়িক দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা কখনো মেনে নেওয়া যায় না। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী বাহ্মণবাড়িয়ায় ঘটনার জড়িতদের বিচার করবেন।
 
প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের বহিষ্কার দাবি করে বক্তারা বলেন, ‘এতগুলো বাড়ি ও মন্দিরে ভাঙচুর, অগ্নিসংযোগের পর আবারও মন্ত্রীর উপস্থিতিতে হামলা হয়। তারপরেও মন্ত্রী বলে এখানে তেমন কোনও ঘটনা ঘটেনি, সাংবাদিকরা বাড়িয়ে লিখেছে। একজন জনপ্রতিনিধি কীভাবে একটি সম্প্রদায়কে মালাউন বলতে পারে।’
 
বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী প্রসেনজিৎ কুমারের সঞ্চালনায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক ও ফোকলোর বিভাগের শিক্ষার্থী টগর মো. সালেহ, আইন বিভাগের আসাদুজ্জামান নিউটন, বাংলা বিভাগের চিন্ময় কুমার, কিরণ, নৃ-বিজ্ঞান বিভাগের তপু মন্ডল প্রমুখ।
 
 
ইত্তেফাক/এমআই