ইত্তেফাক অনলাইনের প্রতিবেদনের প্রতিবাদ হোমিওপ্যাথি বোর্ডের

ইত্তেফাক অনলাইনে 'রোগ সারানোর ক্ষমতা নেই হোমিওপ্যাথির!' শিরোনামে প্রকাশিত এক খবরের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড। প্রকাশিত সংবাদটি 'অসত্য' 'বিভ্রান্তিমূলক' ও 'উদ্দেশ্যপ্রণোদিত' বলে অভিযোগ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
 
গত ২ নভেম্বর প্রকাশিত ওই খবরের প্রতিবাদ ৩ নভেম্বর ইস্যু করে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, যা ইত্তেফাক অনলাইনে এসে পৌঁছায় ৭ নভেম্বর।
 
সংবাদটি হোমিওপ্যাথিক চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, গবেষক, অনুরাগী ও উপকারভোগীদের মনে 'আঘাত সৃষ্টি করেছে' বলে দাবি বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের।
 
প্রতিবাদপত্রে প্রতিষ্ঠানটি জানিয়েছে, 'হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও বাস্তব তথ্যের পরিসংখ্যান সংক্ষিপ্ত সময় ও লেখার মধ্য দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। জটিল ও পুরাতন রোগসহ নানা ধরনের রোগের চিকিৎসায় হোমিওপ্যাথির ভূমিকা সর্বজন স্বীকৃত। প্রকাশিত সংবাদে ব্রিটিশ সরকারের সরকারী সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিস এর বরাত দিয়ে যে তথ্য প্রচার করা হয়েছে তা বাস্তবতার আলোকে যাচাই-বাছাই সাপেক্ষে মন্তব্যযোগ্য কিনা তা ভেবে দেখা দরকার।'
 
প্রতিবাদলিপিতে প্রকাশ, 'আমাদের জানামতে, যুক্তরাজ্যের লন্ডনে 'দি রয়েল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দেশটির সরকারের পরিচালিত ও অনুমোদিত কার্যক্রম প্রমাণ করে যে, খোদ ওই সরকারই হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার অনুকূলে ভূমিকা পালন করে।'
 
প্রতিবাদপত্রে দাবি, 'ব্রিটেনের রাজপরিবারে অন্যান্য চিকিৎসা পদ্ধতির পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা হয়ে থাকে।'
 
প্রতিবাদপত্র বলছে, ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলোসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, আমেরিকা, যুক্তরাজ্যে সরকারী ও বেসরকারি পর্যায়ে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা গুরুত্বের সাথে পরিচালিত হচ্ছে। ভারত সরকার এই চিকিৎসা পদ্ধতির উন্নয়নে 'আয়ুশ' (AYUSH) নামে একটি মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে। যদি কোনো গুরুত্বই না থাকে তবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে হোমিওপ্যাথির উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান ও চিকিৎসা সেবা প্রতিষ্ঠান গড়ে উঠার যুক্তিকতা ভেবে দেখা দরকার।'
 
ইত্তেফাক অনলাইনের বক্তব্য, স্থানীয় যে কোনো গণমাধ্যমের জন্য একটি অন্যতম 'সংবাদ উৎস' হলো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত নানান ধরনের প্রতিবেদন। 'রোগ সারানোর ক্ষমতা নেই হোমিওপ্যাথির!' শিরোনামের প্রতিবেদনটি 'ডেইলি মেইল', ও 'বিজনেস ইনসাইডার'-এর মতো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে অনুবাদ করা হয়েছে। সংবাদটি 'ডেইলি মেইল'-এর 'প্রুফ দ্যাট হোমিওপ্যাথি ডাজন্'ট ওয়ার্ক' ('Proof' that homeopathy doesn't work) এবং 'বিজনেস ইনসাইডার'-এর 'দ্যা এনএইচএস স্টিল প্রেসক্রাইবস হোমিওপ্যাথি - অ্যান 'অ্যাল্টারনেটিভ' টু মডার্ন মেডিসিন দ্যাট ডাজন্'ট ওয়ার্ক' (The NHS still prescribes homeopathy — an 'alteative' to mode medicine that doesn’t work) শিরোনামের প্রতিবেদন থেকে অনূদিত।
 
২ নভেম্বরের ওই প্রতিবেদনটি পড়তে চাইলে ক্লিক করুন এই লিঙ্কে- http://bit.ly/2eZKdhm