বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নেতাকর্মীদের উদ্যেশে বলেছেন, আগামী দুই বছর পরেই নির্বাচন, নির্বাচনের প্রস্তুতি নিন। জনগণের কাছে যান, তাদের সাথে ভাল আচরণ করুন। উন্নয়ন ম্লান হয়ে যাবে যদি জনগণের সাথে ভাল আচরণ না করেন।
সোমবার দুপুরে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশকে বাচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে. মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে, স্বাধীনতাকে বাচিয়ে রাখতে হবে। মন্ত্রী এসময় নেতাকর্মীদের মনে করিয়ে দেন কথা কম বলে কাজ বেশী করতে হবে।
তিনি এসময় জননেত্রী শেখ হাসিনা তার উপর যে দায়িত্ব অর্পন করেছেন তা সঠিকভাবে পালনে নেতাকর্মীদের সহয়তা কামনা করেন।
মন্ত্রী এসময় বলেন, আমি নিজেকে কখনো মন্ত্রী ভাবি না , আমি ভাবী আমি দেশের একজন কর্মী। একই ভাবে আমি নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভাবি না, ভাবী বঙ্গবন্ধু’র কর্মী, শেখ হাসিনার কর্মী।
জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে পথসভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবরসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভা শেষে মন্ত্রী বিকেলেই টুঙ্গিপাড়ার উদ্যেশ্যে ফরিদপুর ত্যাগ করেন।
ইত্তেফাক/এমএইচ