জামালপুর পৌর এলাকায় ট্রাক চাপায় এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আরো এক শিক্ষক গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক রফিকুল ইসলাম(৪৮) জেলার মাদারগঞ্জ উপজেলার গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জামালপুর সদর থানার ওসি (তদন্ত) কাজী শাহ্নেওয়াজ জানান, শিক্ষক রফিকুল ইসলাম জামালপুর পৌর শহরের মিঞাপাড়া এলাকায় স্ব-পরিবারে বসবাস করতেন। সকালে মোটরসাইকেলযোগে তিনি তার সঙ্গী একই উপজেলার চরবন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদরু“ল ইসলামকে সাথে নিয়ে মাদারগঞ্জ যাওয়ার উদ্দ্যেশে বাসা থেকে বের হন। তার মোটরসাইকেলটি পাঁচরাস্তা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তাদের বহনকারী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে গুরুতর আহতাবস্থায় তাদের দু’জনকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ট্রাকসহ চালক নজরুল ইসলামকে আটক করেছেন। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।
ইত্তেফাক/এমএইচ