পাবনায় সোনালী ব্যাংকের ৩ কর্মকর্তা গ্রেফতার

পাবনায় অর্থ আত্মসাতের মামলায় পাবনা সোনালী ব্যাংকের  ৩ কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক। সোমবার দুপুরে পাবনা দুদক কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলেন,  পাবনার সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপ্যাল অফিসার মো. আব্দুস সালাম, সাবেক প্রিন্সিপ্যাল অফিসার ও ম্যানেজার দেলোয়ার হোসেন ও একই শাখার সাবেক অফিসার (বর্তমানে পি.আর.এল)সোনালী ব্যাংক, প্রধান শাখা, পাবনা অরূপ কুমার ভট্টাচার্য।
 
দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক আবু বকর সিদ্দিক জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর  পাবনায় কর্মরত থাকা অবস্থায় নির্বাহী প্রকৌশলীর নামে পরিচালিত সোনালী ব্যাংক, জেলা বোর্ড শাখা, পাবনার এস টি ডি হিসাব নং-৩৫ থেকে ২০১০ সালের ৩ মার্চ হতে ২০১১ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে ২৩টি চেকের মাধ্যমে ৩ লাখ ১০ হাজার ৬৪০ টাকার পরিবর্তে (চেকের টাকা পরিবর্তন করে অতিরিক্ত সংখ্যা কথায় ও অংকে লিখে) ৩১ লাখ ৪০ হাজার ৬৪০ টাকা উত্তোলন করেন। অর্থাৎ ২৮ লাখ ৩০ হাজার ৬৪০ টাকা পরস্পর যোগসাজসে লোভ ও লাভের বশবর্তী হয়ে অসাধুভাবে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে উত্তোলন পূর্বক আত্মসাত করে।
 
এতে পাবনা থানায় ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের হয়। মামলায় দীর্ঘদিন তদন্ত সাপেক্ষে জিজ্ঞাসাবাদের জন্যে তাদের ডাকা হলে এই মামলার তাদের গ্রেফতার দেখানো হয়।
 
এ মামলার আসামী ৬জন। অন্যান্য আসামীদের পূর্বেই গ্রেফতার করা হলেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, পাবনার সাবেক নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া এখনো পলাতক রয়েছে।
 
ইত্তেফাক/এমএইচ