চীনের মর্যাদা, সম্মান ও স্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর চিত্র প্রদর্শন বন্ধ এবং ‘সমাজবাদী মৌলিক মূল্যবোধ’ সম্প্রসারণে দেশটিতে নিয়ন্ত্রণমূলক ও বহুল আলোচিত নতুন চলচ্চিত্র আইন পাশ হয়েছে। সোমবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে আইনটি পাশ হয়। এটি চলচ্চিত্র শিল্পের সম্প্রসারণে অবদান রাখবে বলে উল্লেখ করা হয়েছে।
আইনে বলা হয়েছে, জনগণের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক জীবনমানের উন্নয়ন, সমাজবাদী মৌলিক মূল্যবোধ সম্প্রসারণ ও চলচ্চিত্র শিল্পকে নিয়মনীতির মধ্যে আনাই এর লক্ষ্য। নতুন এ আইনে বিদ্যমান বিভিন্ন আইন বা সংবিধান বিরুদ্ধ এবং জাতীয় ঐক্য, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতার জন্য ক্ষতিকর, জাতীয় গোপন তথ্য প্রকাশ, চীনের নিরাপত্তা, মর্যাদা, সম্মান বা স্বার্থ বা সন্ত্রাসবাদ ও চরমপন্থাকে সম্প্রসারিত করতে পারে এমন কোন আধেয় প্রকাশের ওপরও বিধিনিষেধ রয়েছে।
এতে জনগণের চমৎকার সাংস্কৃতিক ঐতিহ্যকে অসম্মান, জাতিগত ঘৃণা উস্কে দেয়া এবং বৈষম্য ও জাতিগত ঐক্য বিনষ্ট করতে পারে এমন কিছু প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে। আইনে ‘চীনের মর্যাদা, সম্মান, স্বার্থের জন্য ক্ষতিকর, সামাজিক স্থিতিশীলতা বা চীনের জনগণের অনুভূতির জন্য ক্ষতিকর চিত্র প্রদর্শনের জন্য চীনা কোন কোম্পানি বিদেশি কোন প্রডাকশনের সঙ্গে অংশীদারিতেও কিছু প্রকাশ করতে পারবে না কিংবা তাদেরকে ভাড়াও করতে পারবে না।
আইনে বলা হয়েছে, কোন কোম্পানি আইনটি ভাঙলে তাদেরকে অবৈধ উপার্জনের কমপক্ষে পাঁচ গুণ জরিমানা গুণতে হবে। আইনটি আগামী বছর ১ মার্চ থেকে কার্যকর হবে। সিনহুয়া।
ইত্তেফাক/এসএসএ