বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের সঙ্গে দেশটির বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। গতকাল সোমবার সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের ক্ষেত্রে আমেরিকার বিদ্যমান পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন হবে না। বরং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগামী দিনে আরো বৃদ্ধি পাবে। আওয়ামী লীগের কাউন্সিলে নতুন সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানাতে এসেছেন উল্লেখ করে মার্শিয়া বার্নিকাট বলেন, বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতি, গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র সব সময়ই বাংলাদেশের পাশে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী হবে।
সাক্ষাত্ শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আমেরিকান অ্যাম্বাসেডর যে কথাটা বলেছেন, যিনিই প্রেসিডেন্ট হোন, যে গভমেন্টই ক্ষমতায় আসুন আমাদের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।’ তিনি বলেন, ‘আমিও বলতে চাই, আমেরিকায় যে সরকার বা যিনিই প্রেসিডেন্ট হোন না কেন বাংলাদেশের সঙ্গে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে কোনো পরিবর্তন হবে না।’
বর্তমান সরকারের আমলেই এশিয়ান হাইওয়ের কাজ সম্পন্ন হবে: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বর্তমান সরকারের আমলেই এশিয়ান হাইওয়ের কাজ সম্পন্ন হবে। সেই লক্ষ্যেই কার্যক্রম এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘পদ্মা সেতুর পুরোপুরি সুবিধা কাজে লাগাতে হলে এশিয়ান হাইওয়ের মিসিং লিংক কালনা সেতুও নির্মাণ করতে হবে। এ সেতুটি নির্মিত হলে আর কোনো মিসিং লিংক থাকবে না। মন্ত্রী গতকাল সেতু ভবনে ‘ক্রস বর্ডার রোড নেটওয়ার্ক ইম্প্রুভমেন্ট’ শীর্ষক প্রকল্পের পরামর্শক নিয়োগ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ফরিদপুরের পথসভা
ফরিদপুর প্রতিনিধি জানান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, আগামী দুই বছর পরেই নির্বাচন, নির্বাচনের প্রস্তুতি নিন। জনগণের কাছে যান, তাদের সঙ্গে ভাল আচরণ করুন। তিনি বলেন, উন্নয়ন ম্লান হয়ে যাবে যদি জনগণের সঙ্গে ভালো আচরণ না করেন। ওবায়দুল কাদের সোমবার দুপুরে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত পথসভায় এ সব কথা বলেন।
ইত্তেফাক/এএন