ধোঁয়াশায় ঢাকা পড়েছে তাজমহল

শুধু দিল্লী নয়; এর পার্শ্ববর্তী শহর আগ্রাও বায়ুদূষণের কারণে 'গ্যাস চেম্বার'-এ পরিণত হয়েছে।  তীব্র ধোঁয়াশায় এখন প্রায় কিছুই দৃশ্যমান নয় সেখানে। এমনকি, পৃথিবীর সাত আশ্চর্যের অন্যতম শাহজাহানের তৈরি তাজমহলকেও এখন দূর থেকে আর দেখা সম্ভব হচ্ছে না, তীব্র ধোঁয়াশা মূল ফটক থেকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে স্মৃতিসৌধটিকে।
 
বায়ুদূষণের কারণে তৈরি হওয়া ধোঁয়াশার যন্ত্রণাকে আরও প্রকট করে তুলেছে মাঠে শুকনো ফসল জ্বালানোর ধোঁয়া।
 
ম্যাশেবল-এর খবরে প্রকাশ, তাজমহলের পাশে জাহানারা ও রোশনারা মহল তো ধোঁয়াশায় ঢেকে গেছে আগেই। এর সঙ্গে এখন আবার যুক্ত হয়েছে মাঠে শুকনো ফসল জ্বালানোর ধোঁয়াও, যা দেখে হতাশ পর্যটকরা। যমুনা এক্সপ্রেসওয়েতেও দৃশ্যমানতা কমেছে। ফলে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটার আশংকা রয়েছে।
 
IMG0
 
এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তার দেশের রাজধানীবাসীকে পরামর্শ দিয়েছেন, 'দরকার হলে বাড়িতে বসেই অফিসের কাজ করুন।'
 
ইন্ডিয়া ডটকমের খবর বলছে, স্কুল বন্ধ হলেও রাজধানীর নগরজীবন— পথঘাট, দোকানবাজার যে স্তব্ধ, এমন নয়। কিন্তু চেনা সেই ছন্দ নেই কোথাও। ধোঁয়াশার জেরে ভরদুপুরেই সন্ধ্যার অন্ধকার নামছে। দুর্ঘটনার আশঙ্কা কম, কারণ কিছুটা হালকা দিল্লির চেনা যানজট।
 
ইত্তেফাক/এএম