ফতুল্লায় কেমিক্যালের গুদামে বিস্ফোরণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানার কেমিক্যালের গোডাউনে বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে ফতুল্লার পাগলা ইসলামিয়া বৌ-বাজার এলাকায় অবস্থিত বোম্বে ডাইং কারখানায় এ ঘটনা ঘটে। এ সময় ওই কারখানার চারতলা ভবনসহ আশপাশের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠে বৌ-বাজার এলাকা। মুহূর্তের মধ্যে আগুন ও ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় বোম্বে ডাইংসহ আশপাশের এলাকা। এতে কেউ হতাহত না হলেও কারখানার তৃতীয় তলার ছাদ বিস্ফোরণে দীর্ঘ ছিদ্র হয়ে ভবনের দেয়াল ধ্বসে গেছে। এ সময় কারখানার দেয়ালের ইটের আঘাতে আশপাশের বাড়ির দরজা, জানালা, গ্রিল, টিনের চালের ক্ষতি হয়েছে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, চারতলা বিশিষ্ট কারখানার দ্বিতীয় তলায় কেমিক্যালের গোডাউন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনের কয়েকটি দেয়াল ধ্বসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ ও ফতুল্লার দুইটি স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দমকল বাহিনীর প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল সাতটায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

আরো পড়ুন: মুরগীর সেডে আশ্রিত আদিবাসীরা, আগুনের ঘটনায় গ্রেফতার ২

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, আগুনে কারখানার বেশ কিছু কেমিক্যাল, মেশিন ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গুদামে রাখা কেমিক্যালের কোনো ড্রামের বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে তদন্তের পর তা নিশ্চিত হওয়া যাবে। 

ঘটনাস্থল পরিদর্শন করে ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক ইলিয়াস জানান, বোম্বে ডাইং কারখানার মালিক পক্ষের কারো সন্ধান পাইনি। একজন দারোয়ান কারখানার সামনে বসে থাকে সে মালিক পক্ষের বিষয়ে কিছু বলতে পারেনি। 

ইত্তেফাক/অনি