ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফেসবুকে কাবাঘর বিকৃত করে ছবি পোস্ট করার অভিযোগে কুমিল্লার মুরাদনগর উপজেলার আলীনগর গ্রামের পলাশ চন্দ্র দাস (১৯) নামে এক যুবক গ্রেফতার করে পুলিশ।
সোমবার রাতে তাকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের রসরাজ যে ছবিটি পোস্ট করেছিল সেই ছবিটিই পলাশ চন্দ্র দাস সোমবার তার ফেসবুকে পোস্ট দেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে হোমনা থানা পুলিশের সহায়তায় বাতাকান্দির একটি গানের আসর থেকে রাতেই তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকৃত ছবি ফেসবুকে পোস্ট করার বিষয়টি স্বীকার করে পলাশ।
এ ব্যাপারে এসআই আজিজুর রহমান বাদী হয়ে অভিযুক্ত পলাশ চন্দ্র দাসের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, তাৎক্ষণিকভাবে পলাশ চন্দ্র দাসকে গ্রেফতার করায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ইত্তেফাক/ইউবি