দুইদিন পরই শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবের দ্বিতীয় আসর। আসছে ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে আয়োজনটি। উৎসবে গাইবেন দেশ বিদেশেী অসংখ্য সঙ্গীত শিল্পীরা। প্রশ্ন জাগতে পারে, কারা গাইবেন এবারের উৎসবে।
উৎসবের সব প্রস্তুতি মোটামুটি চুড়ান্ত হয়েছে। আসন্ন লোকসঙ্গীত আয়োজনে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান এবং ইউরোপ থেকে এই উৎসবে অংশগ্রহণ করবেন শিল্পীরা।
দেশি শিল্পীদের মধ্যে রয়েছেন মমতাজ, বারী সিদ্দিকী, ইসলাম উদ্দিন, আবদুর রহমান বাউল, বাউল শফি মন্ডল, সুনীল কর্মকার, টুন টুন বাউল, পালাকার লতিফ সরকার এবং ফরিদা ইয়াসমিন।
IMG0
ভারত থেকে কৈলাস খের, পবন দাস বাউল, ওস্তাদ গুলশান মীরের মেয়ে বিবি নুরান, জ্যোতি নুরান ও সুলতানা নুরান-এর ব্যান্ড ‘নুরান সিস্টার্স’, ব্যান্ড দল ‘ইন্ডিয়ান ওশেন’, প্রসাদ এবং রাজু দাস বাউল।
পাকিস্তানের ওস্তাদ জাভেদ বশির, স্পেনের মিউজিক্যাল গ্রুপ ‘কারেন লুগো অ্যান্ড রিকার্ডো মোরো’ এবং ইংল্যান্ডের ‘সুশীলা রহমান অ্যান্ড স্যাম মিলস’ ব্যান্ড দল।
IMG1
উৎসব আয়োজক প্রতিষ্ঠান সান ইভেন্টেস বিষয়টি নিশ্চিত করেছে। ঢাকার আর্মি স্টেডিয়ামে উৎসবটি চলবে ১২ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ফোক ফেস্ট উপভোগ করতে পারবেন দর্শক-শ্রোতারা।
বিনামূল্যে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন। ফেসবুকের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পেজটিতে পাওয়া যাবে সব খবরাখবর। সরাসরি অনুষ্ঠানটি দেখা যাবে মাছ রাঙা টেলিভিশনের পর্দায়।
ইত্তেফাক/এমএআর