মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সর্বশেষ সব জরিপে ব্যাপক ব্যবধানে এগিয়ে ডেমোক্রেট দলের প্রার্থী। বার্তা সংস্থা রয়টার্সের স্টেট অব দ্য নেশন জরিপানুযায়ী প্রথম নারী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট হিলারির জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ।
রয়টার্স/ইপসোসের যৌথভাবে পরিচালিত জরিপে এই তথ্য উঠে এসেছে। শুধু তাই নয়, ভোটের মাত্র দুই ঘণ্টা আগে নিউইয়র্ক টাইমস হিলারির জয়ের সম্ভাবনাকে ৮৪ শতাংশে নিয়ে যায়।
ফাইভথার্টিএইট ডটকম তাদের জরিপে বলছে, হিলারির প্রেসিডেন্ট হবার সম্ভাবনা ৭০ দশমিক ৯ শতাংশ। আর ট্রাম্পের সম্ভাবনা মাত্র ২৮ শতাংশ। ইলেকটোরাল ভোটেও হিলারি ব্যাপকভাবে এগিয়ে রয়েছেন। হিলারি ৩০২টি এবং ট্রাম্প ২৩৪টি ইলেকটোরাল ভোট পেতে পারেন বলে ফাইভথার্টিএইটের পূর্বাভাসে বলা হয়েছে। তবে পপুলার ভোটে হিলারি ও ট্রাম্পের ব্যবধানটা আগের মতই রয়ে গেছে। এক্ষেত্রে হিলারি পেতে পারেন ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট এবং ট্রাম্প পেতে পারেন ৪৫ শতাংশ।
ইতোমধ্যে ভোটগ্রহণ শুরু হয়ে গিয়েছে বিভিন্ন অঙ্গরাজ্যে। ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী টিম কেইন ভোট প্রদান করেছেন। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রিচমন্ডে স্ত্রী অ্যান হল্টনের সঙ্গে ব্যালটে ভোট প্রদান করেন তিনি। গার্ডিয়ান।
ইত্তেফাক/এসএসএ