বিমান নামতে সমস্যা, ডাল ছাটা হলো ২৪ গাছের

রাজশাহীর হযরত শাহ্‌ মখদুম (রহ.) বিমানবন্দরের সামনে মহাসড়কের দুই পাশের ২৪টি গাছের ডালপালা ছেঁটে ন্যাড়া করা হয়েছে। 
 
বিমান নামতে সমস্যা হওয়ার কারণে বিমানবন্দর কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে গাছগুলোর ডালপালা ছাটা হয়। 
 
ডালপালা ছাঁটাইয়ের কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান,  গত পাঁচদিন ধরে গাছগুলোর ডালপালা কাটা হচ্ছে। বিমানবন্দরের সামনে থেকে নওহাটা কলেজ মোড় পর্যন্ত এলাকার ২৪টি গাছের ডালপালা ছাটা হয়। 
 
এ ব্যাপারে সওজ রাজশাহীর নির্বাহী প্রকৌশলী (বৃক্ষপালন) পলাশ বাবু বলেন,  ‘এয়ারপোর্টে বিমান ল্যান্ডিংয়ে সমস্যা হচ্ছিল। ঝুঁকি নিয়ে গাছের মাথার মাত্র দুই ফুট ওপর দিয়ে বিমান নামতে হচ্ছিল। এ জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ গাছগুলোর ডালপালা ছাঁটাইয়ের জন্য আমাদের কাছে চিঠি দিয়েছিল। 
 
রাজশাহী বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বলেন,  বিমানবন্দরটির রানওয়ে ছোট। অনেক কাছ থেকে বিমানকে রানওয়েতে নামতে হয়। এ জন্য বিমানবন্দর চালু হওয়ার পর থেকেই পাইলটরা অভিযোগ করে আসছিলেন।   
 
সওজের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান জানান, আপাতত ২৪টি গাছের ডালপালা ছাটাই করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ চাইলে আরও গাছের ডালপালা কাটা হবে। কেটে নেয়া বিপুল পরিমাণ ডালপালা সওজের হেফাজতেই রাখা হয়েছে। সওজের বিটুমিন তৈরির সময় সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।
 
ইত্তেফাক/এমআর/ইউবি