অবৈধভাবে সীমান্তে পারাপারা ও মানবপাচার বন্ধে অরক্ষিত সীমান্তে বেঁড়া নির্মাণের জন্য বিজিবি ও বিএসএফের যৌথ পরিদর্শনের সিদ্ধান্ত হয়েছে।
সীমান্ত এলাকায় অবাঞ্ছিত লোকদের প্রবেশ নিষেধ, মাদকপাচার বন্ধে বেঁড়া নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার দিনব্যাপী নগরীর একটি অভিজাত হোটেলে বিজিবির রংপুর ও যশোর এবং বিএসএফের সাউথ বেঙ্গল, নর্থ বেঙ্গল ও গৌহাটি ফ্রন্টিয়ার পর্যায়ে সপ্তম সীমান্ত সম্মেলনে যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা তুলে ধরা হয়। মঙ্গলবার সন্ধ্যায় এ সম্মেলন সমাপ্ত হয়।
সীমান্তে বাংলাদেশিদের গুলি, হত্যা এবং আহত করার ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ভারতের পক্ষ থেকে এ ধরনের ঘটনা শূণ্যের কোটায় নামিয়ে আনতে সকল ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করা হয়। উভয়পক্ষ আন্তঃসীমান্ত অপরাধ ও সহিংসতা রোধে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন। আর্ন্তজাতিক সীমান্তে অপরাধী, চোরাচালানী ও সন্ত্রাসীদের চলাচলরোধে যৌথ টহল পরিচালনায় একমত পোষণ করা হয়।
বিজিবির পক্ষে অতিরিক্ত মহাপরিচালক শাহরীয়ার আহমেদ চৌধুরী এবং বিএসএফের পক্ষে আইজি কেএন চোবে নেতৃত্ব দেন। সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও যৌথ নদী কমিশনের প্রতিনিধিরা অংশ নেন।
ইত্তেফাক/ইউবি