আগামী ১৭ নভেম্বর ঢাকা সেনা জাদুঘর প্রাঙ্গনে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক উয়ীভার্স ফেস্টিভাল।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে শুলশান ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে টিএস ইভেন্টস এবং রিলাস ফ্যাশন বুটিক। বাংলাদেশের দেশীয় তাঁত শিল্পের ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন। প্রথম বারের মতো ‘আন্তর্জাতিক উয়ীভার্স ফেস্টিভাল’-এ বাংলাদেশসহ ৫টি দেশের ২৫ জন ডিজাইনার তাদের সৃষ্টিকর্মকে তুলে ধরবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে ফেস্টিভাল আয়োজক টুটলি রহমান স্বাগত বক্তব্যে বলেন, ‘ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শিল্পের অবস্থা খুবই করুণ। যন্ত্রপালিত তাঁতের সঙ্গে টিকতে না পেরে বিলুপ্তির পথে শিল্পটি। যে কয়েকজন এ পোশাকে আঁকড়ে ধরে আছেন, তাদের যুদ্ধ করতে হচ্ছে উচ্চমূল্যের কাঁচামাল আর কমতির দিকে থাকা চাহিদার সঙ্গে। এসব কারণে অনেকেই ছেড়ে দিচ্ছেন পূর্ব পুরুষের রেখে যাওয়া কাজের ধারা এবং ঐতিহ্য। এরকম বিশাল আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের কাজ এবং তাঁতীদের উৎসাতি করার মধ্যে দিয়ে এখনো তাঁত শিল্পের বিকাশের সুযোগ রয়েছে-এই বিশ্বাস রেখেই আমাদের এই উদ্যোগ।’
এরপর বক্তব্য রাখেন রিলাস ফ্যাশন বুটিক-এর ম্যানেজিং ডিরেক্টর মানতাশা আহমেদ, টাঙ্গাইল কুটিরের মুনিরা এমদাদ, পূর্বাণী হোটেলের চেয়ারপার্সন জয়নাল রহমান, ঢাকা ব্যাংকের হেড অব মার্কেটিং খন্দকার আনোয়ার এহতেশাম ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এডিশনাল ম্যানেজার মো. হাশেম চৌধুরী।
এই ফেস্টিভ্যালের বিভিন্ন কর্মসূচির মধ্যে হ্যান্ডপলুম মক ভিলেজ প্রদর্শনী, অ্যানিমেশন ও অমিতাব রেজা কর্তৃক ডকুমেন্টারি ফিল্মের প্রদর্শনী এবং খাদি, গামছা, মসলি, বেনারশী, জামদানি, ট্রাইবাল ইত্যাদি বিষয়ে স্বনামধন্য ডিজাইনারদের প্রদর্শনী। সেই সাথে রয়েছে কালচারাল শো, তাঁতিদের সম্মাননা, কনসার্ট এবং আরো অনেক কিছু। আয়োজকরা জানিয়েছেন তিনদিনব্যাপি এই ফেস্টিভ্যাল জনসাধারণের জন্য উন্মুক্ত। তবে সহজ ডট কম-এর মাধ্যমে অবশ্যই দর্শণার্থীদের নিবন্ধন করতে হবে, যা সম্পূর্ণ ফ্রি। এই ফেস্টিভ্যালের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক, ক্যানভাস, আইস টুডে, স্বাধীন রেডিও ও ব্রডকাস্ট পার্টনার আরটিভি।
ইত্তেফাক/ইউবি