কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার খামারগাঁও গ্রামে একটি টিউবওয়েল স্থাপন করতে গিয়ে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে তীব্র চাপের সঙ্গে গ্যাস উদগীরণ হচ্ছে। এদিকে গ্যাস কূপ আবিষ্কারের আশায় প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে প্রত্যন্ত ওই এলাকায়। খবর পেয়ে বাপেক্স, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সোমবার সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে স্থানটি পরিদর্শন করেন।
মুরাদনগরে বাখরাবাদ, শ্রীকাইল ও বাঙ্গরা গ্যাস ক্ষেত্র রয়েছে। এসব ক্ষেত্র থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ হয়ে আসছে। এরই মধ্যে বাঙ্গরা ইউনিয়নের খামারগাঁও গ্রামের প্রবাসী বাহাদুর মিয়ার বাড়িতে সোমবার সকালে ২৫০ ফুট পাইপে চার শ্রমিক টিউবওয়েল বসানোর কাজ শুরু করেন। ১৮০ ফুট পর্যন্ত পাইপ মাটির নিচে যাওয়ার পর বিকট শব্দে বিস্ফোরিত হয়ে অনবরত গ্যাস উদগীরণ হতে থাকে। এ বিস্ফোরণে তিনটি গাছের ডাল ভেঙে ছিটকে পার্শ্ববর্তী ঘরের টিনের চালে পড়ে। এতে পাশের ঘরেরও কিছুটা ক্ষতি হয়। গ্যাসের সঙ্গে বালু-মাটি মিশে ১৫০ থেকে ২শ’ ফুট উচ্চতায় উদগীরণ হতে থাকে। স্থানীয় লোকজন এ সময় বালু ও মাটির বস্তা ফেলে গ্যাস নির্গমন ঠেকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে গ্যাস নির্গমন কিছুটা কমানো হয়। তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শোঁ শোঁ শব্দে বিপুল পরিমাণ কাঁদা ও বালু মিশ্রিত গ্যাস বের হচ্ছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকায় নিরাপত্তা জোরদার করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেলুল কাদের জানান, টিউবওয়েলের পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার বিষয়টি বাড়ির মালিক বাহাদুরের স্ত্রী শাকিলা ইয়াসমীন আমাকে লিখিতভাবে জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের উপ-মহাব্যবস্থাপককে (ফিল্ড ইনচার্জ-বাপেক্স) বলেছি। পরে তার নেতৃত্বে একটি দল ওই স্থানটি পরিদর্শন করেছে।
ইত্তেফাক/এএন