ইনজুরির কারণে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারছেন না চিলির আর্সেনাল তারকা অ্যালেক্সিস সানচেজ। অনুশীলনে ২৭ বছর বয়সী এই স্ট্রাইকারের পেশীতে টান পড়েছে। চিলি ন্যাশনাল ফুটবল এসোসিয়েশনের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বৃহস্পতিবার বারানকুইলাতে কলম্বিয়ার বিপক্ষে প্লে-অফ ম্যাচের আগে এটাই ছিল শেষ অনুশীলন সেশন।
আগামী ১৫ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে ম্যাচের আগে তাকে আবারো পর্যবেক্ষণ করা হবে, তার আগে সানচেজ সানতিয়াগোতেই থাকবেন। কলম্বিয়ার বিপক্ষে সানচেজের অনুপস্থিতি দারুণভাবে অনুভূত হবে বলে মনে করেন কোচ হুয়ান এন্টোনিও পিজ্জি। বাছাইপর্বের গ্রুপে বর্তমানে পঞ্চম স্থানে রয়েছে চিলি। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে যেতে হলে চিলিকে কঠিন সমীকরণ পার করতে হবে। বহিষ্কারাদেশের কারণে ইতোমধ্যেই মাঠের বাইরে রয়েছেন ইন্টার মিলানের মিডফিল্ডার গ্যারি মেডেল।-বাসস।
ইত্তেফাক/এএসএস